আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : পবিত্র মহররম মাসের তাৎপর্য ও গুরুত্বকে স্মরণ করে উক্ত ইমামবাড়ীতে ১লা মহররম হতে ১০ মহররম পর্যন্ত ধারাবাহিকভাবে কারবালার মর্মান্তিক ও শিক্ষণীয় ঘটনার উপর আলোচনা করেন ইসলামী শিক্ষাকেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম মোঃ আনিসুর রহমান এবং এই আলোচনা ১৩ই মহররম পর্যন্ত অব্যাহত ছিল।
আশুরা উপলক্ষে গত মঙ্গলবার সকাল ১১টার দিকে ‘ইয়া হোসেন ইয়া হোসেন’ -এই ধ্বনিতে এবং আরবী লেখা সজ্জিত বিভিন্ন রংয়ের পতাকা নিয়ে মিছিল বের করে ধর্মপ্রাণ মুসলমানরা। শিশু আসগরের প্রতীকি দোলনার মাধ্যমে স্মরণ করা হয় ৬১ হিজরির ফোরাত নদীর তীরের নির্মম হত্যাকান্ডের ঘটনা। শোক মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইমামবাড়ীতে ফিরে আসে।
শোক মিছিল পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন খালিশপুর হাউজা-এ- ইলমিয়া-এর অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী। তিনি বলেন, মানব সৃষ্টির পর থেকে হক ও বাতিলের দ্বন্দ্ব অব্যাহত আছে এবং বাতিলের বিরুদ্ধে হক পন্থীদের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে নবী দৌহিত্র হযরত ইমাম হোসাইন (আঃ) এর প্রদর্শিত সেই মহান আত্মত্যাগ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং বর্তমান বিশ্বের বাতিল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
উল্লেখ্য, ১০ মহররম, পবিত্র আশুরা। বিশ্ব মুসলিম উম্মাহর কাছে একটি অতিমর্যাদা সম্পন্ন দিন। মহান আল্লাহ্ রাব্বুল আলামিন এই দিনে পৃথিবী সৃষ্টি করেছিলেন। ১৩৭৫ বছর আগে হিজরি ৬১ সালে এই দিনে কারবালা প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্ব ইতিহাসের বিয়োগান্তক ঘটনা। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো খুলনাতেও দিবসটি পালিত হয়েছে।#
